দীপাবলি উৎসব ত্রিপুরাবাসীর মধ্যে ঐক্য, সংহতি এবং সৌভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ৯, : দীপাবলি হলো আলোর উৎসব। এই উৎসব ত্রিপুরাবাসীর মধ্যে ঐক্য, সংহতি এবং সৌভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করে। রাজ্যের জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল অংশের মানুষের মিলন ভূমি উদয়পুরের দেওয়ালি মেলা প্রাঙ্গণ। ৮ নভেম্বর উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দীপাবলি উৎসব ও মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেওয়ালি মেলাকে কেন্দ্র করে রাজ্যের এমনকি দেশের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দের সমাগম ঘটে। এই মেলা রাজ্য তো বটেই উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম দেওয়ালি মেলা বলে মুখ্যমন্ত্রী অভিহিত করেন। তিনি বলেন, গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করার পর এখানে সারা দেশ থেকে আরও বেশি সংখ্যায় পর্যটক এবং পুণ্যার্থীদের সমাগম হচ্ছে। রাজ্যের সার্বিক বিকাশে পর্যটন শিল্পের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটনের বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। তিনি আরও বলেন, মাতাবাড়ি মন্দিরে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই উৎসব রাজ্যের সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে। অন্ধকার দূর করে আলোকে উদ্ভাসিত করবে মানুষের অন্তর। এতে রাজ্যে শান্তি, সমৃদ্ধি এবং একতা আরও সুদৃঢ় হবে।

বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ত্রিপুরাসুন্দরী মন্দিরের ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, জমাতিয়া হুদা সম্প্রদায় বিগত ৪৩৬ বছর ধরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় বলেন, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজ্য এবং বহির্রাজ্যের ১,৬০০ জন শিল্পী সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। আগামী তিনদিন অনুষ্ঠান এবং মেলা সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের। স্বাগত ভাষণে তিনি জানান, এই প্রথমবারের মতো ড্রোন শো-এর মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী শক্তিপীঠের ইতিহাস ও পৌরাণিক কাহিনী উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিগণ বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক খোলা প্রদর্শনী মন্ডপ উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ড্রোন শো প্রদর্শন করা হয়।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.