ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শারদ সম্মান-২০২৬ : উদ্বোধন করলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২, : ১লা নভেম্বর সন্ধ্যায় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত 'শারদ সম্মান-২০২৬' অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, সাংবাদিকতা নিছক একটি পেশা নয়, বরং জনগণের প্রতি এক বিশেষ দায়বদ্ধতা। তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে গণমাধ্যমের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাংবাদিকতার মূল্যবোধের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অঙ্গীকারের উপরই এই পেশার মূল ভিত্তি প্রতিষ্ঠিত।
দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্ভুলতার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিপফেক এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বার্তার মতো চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে তিনি সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে প্রতিটি তথ্য যথাযথভাবে যাচাই করার জন্য আহ্বান রাখেন। এই প্রসঙ্গে তিনি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্ধারিত নির্দেশিকাগুলির উদ্দেশ্য সম্পর্কেও আলোকপাত করেন। রাজ্যপাল জনগনের জানার অধিকার এবং ব্যক্তির গোপনীয়তার অধিকারের মধ্যে সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন একটি সংবাদ হয়তো পরের দিন সবার স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে কিন্তু সাংবাদিকের পেশাগত জীবনে বিশ্বাসযোগ্যতা দীর্ঘস্থায়ী সম্পদ হিসাবে থাকবে
রাজ্যপাল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শারদ সম্মান আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসারেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ত্রিপুরার মতো একটি রাজ্যে, যেখানে বিভিন্ন সংস্কৃতি, জনজাতি ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন রয়েছে, সেখানে গণমাধ্যমের ভূমিকা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। ত্রিপুরার দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি সংবেদনশীল বিষয়গুলির উপর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্ববোধের মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
গণমাধ্যম ও সমাজের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, পূজার উদ্যোক্তারা যেমন উৎসবের মাধ্যমে মানুষকে একত্রিত করেন, তেমনই গণমাধ্যম সচেতনতার মাধ্যমে মানুষকে একসূত্রে আবদ্ধ করে। অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুবালা দেববর্মা বক্তব্য রাখেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি বিজয় পাল। অনুষ্ঠানে রাজ্যপাল এবছরের দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপের বিচারক, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার বিচারকদেরও সংবর্ধিত করেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...