কৈলাসহর বিমানবন্দরে বিমান চলাচলের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১৪, : বর্তমান রাজ্য সরকার রাজ্যের বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দরে দীর্ঘ ৩৫ বছর পর পুনরায় বিমান চলাচলের জন্য উদ্যোগ নিয়েছে। বিমানবন্দরটি বিমান চলাচলের উপযুক্ত হলে তা রাজ্যের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ১৩ অক্টোবর সচিবালয়ের কনফারেন্স হলে উড়ান প্রকল্পে কৈলাসহর বিমানবন্দরের পুনঃউন্নয়ন বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী কৈলাসহরে বিমান পরিষেবার পাশাপাশি রাজ্যের রাজস্ব বৃদ্ধির প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি উড়ান প্রকল্পের প্রথম ধাপে কি কি অগ্রগতি হয়েছে তা খোঁজখবর নেন। তিনি কৈলাসহর বিমানবন্দরে বিমান চলাচলের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডম্বুর পর্যটন স্থলে পর্যটকদের সুবিধার জন্য দ্রুত একটি হেলিপ্যাড নির্মাণেরও গুরুত্বারোপ করেন।
সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এ ব্যাপারে পরিবহণ দপ্তরের করণীয় কাজগুলি দ্রুত শেষ করার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় মুখ্যসচিব জে কে সিনহা উড়ান প্রকল্পে অগ্রগতিমূলক কাজগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে কৈলাসহরে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, রাজস্ব দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পরিবহণ দপ্তরের ভারপ্রাপ্ত সচিব তাপস রায়, আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের অতিরিক্ত সচিবগণ।
আরও পড়ুন...