খেলাধুলা শুধু বিনোদন নয়, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৯, : সমাজকে নেশামুক্ত গড়ে তুলে সুস্থ ও সুন্দর রাখতে যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। বর্তমান রাজ্য সরকার খেলাধুলা বান্ধব সরকার। ৮ অক্টোবর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে এগিয়ে চলো সংঘ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে ছাত্র যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করে তুলতে সরকার আগরতলা সহ সমস্ত জেলা, মহকুমা স্তরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে খেলাধুলার পরিধির বিস্তার করেছে। সেই ক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে অ্যাস্ট্রোটার্ফ মাঠও তৈরি করেছে। ফুটবল হলো খুব জনপ্রিয় খেলা। এই খেলায় জড়িত রাজ্যের নবাগত খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্যে জাতীয় স্তরের বিভিন্ন দলগুলিকে এনে প্রদর্শনী ম্যাচও খেলানোর আয়োজন করা হচ্ছে। রাজ্যের জনজাতি যুবাদের মধ্যেও ক্রীড়া প্রতিভা রয়েছে। সরকার চায় জনজাতি ছেলেমেয়েরা আরও বেশি করে খেলাধুলায় সুনাম ও প্রতিষ্ঠা অর্জন করুক। রাজ্যের প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে বিভিন্ন মাঠের ট্র্যাক, গ্যালারিগুলি প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নামে করা হচ্ছে। রাজ্যকে খেলাধুলায় আরও এগিয়ে নিয়ে যেতে প্রত্যেককে সহযোগিতা করতে হবে। সরকার চায় নেশামুক্ত ত্রিপুরা গড়তে। সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার অন্যতম পথ হলো ক্রীড়াক্ষেত্র।
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের সমাপ্তি ম্যাচে কল্যাণ সমিতি বনাম এগিয়ে চলোর মধ্যে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়। মুখ্যমন্ত্রী চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়াও রানার্স আপ সহ অন্যান্য পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা ও অর্পিতা সাহা সহ অন্যান্যরা।
আরও পড়ুন...