তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী : কমিশনার
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৭, : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা ৫ অক্টোবর শেষ হয়েছে। ভোট গণনার ফলাফল অনুযায়ী তিপ্রামথা পার্টি জয়ী হয়েছে ৩৪২৮টি আসনে, ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে ৮৫৯টি আসনে, নির্দল প্রার্থীগণ জয়ী হয়েছে ১৭৩টি আসনে, সিপিআই(এম) জয়ী হয়েছে ৮৭টি আসনে, আইপিএফটি জয়ী হয়েছে ৩৩টি আসনে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস জয়ী হয়েছে ১৪টি আসনে। ফলাফল অনুযায়ী তিপ্রামথা পার্টি ৪৫৭টি ভিলেজ কমিটিতে, ভারতীয় জনতা পার্টি ৯৪টি ভিলেজ কমিটিতে, সিপিআই(এম) ২টি ভিলেজ কমিটিতে, আইপিএফটি ২টি ভিলেজ কমিটিতে এবং নির্দল প্রার্থীগণ ৩১টি ভিলেজ কমিটিতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। ৬ অক্টোবর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ড. পি কে চক্রবর্তী একথা জানান।
নির্বাচন কমিশনার জানান, সারা রাজ্যে ৪৪টি ভোট গণনা স্থানে ৪৫টি ভোটগণনা হলে গতকাল ভিলেজ কমিটির ভোট গণনা অনুষ্ঠিত হয়। এডিসি এলাকার অন্তর্গত ৫ লক্ষ ৩৩ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাছাড়া ইডিভি ভোটার ছিলেন ৬৬২৮ জন। সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫ লক্ষ ৪০ হাজার ৪৩৬ জন। ভোটদানের হার ছিল ৮১.২৯ শতাংশ। কমিশনার জানান, তিপ্রামথা পার্টি ৪৬.৭৬ শতাংশ, ভারতীয় জনতা পার্টি ২৮ শতাংশ, সিপিআই(এম) ১২.৯০ শতাংশ, নির্দল প্রার্থীগণ ৭.৭৪ শতাংশ, আইপিএফটি ২.৭৪ শতাংশ এবং আইএনসি ১.৮৬ শতাংশ ভোট পেয়েছে। তিনি জানান, ৩টি আসনের জন্য কোন মনোনয়নপত্র জমা পড়েনি।
ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী, ভোটারগণ, জেলা নির্বাচন আধিকারিকগণ, সমস্ত রিটার্নিং অফিসারগণ, সেক্টর অফিসারগণ সহ ভোট গণনাকর্মী এবং নিরাপত্তার কাজে দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিক ও আরক্ষা কর্মীদের অভিনন্দন জানান। ভোটগ্রহণ এবং ভোট গণনায় সবধরণের সহযোগিতা করার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও তিনি ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...