আগামী ৭ অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি কলস যাত্ৰা : পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৩০, : জনকল্যাণ এবং জনসেবায় গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন পর্যন্ত নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৭ অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি কলস যাত্রা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে ২৯ সেপ্টেম্বর সচিবালয়ে পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসকক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় ও টিআইডিসি'র চেয়ারম্যান নবাদল বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
এই কর্মসূচি সফল করতে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিধায়ক অভিষেক দেবরায় রাজ্যের ৮টি জেলার জেলাশাসকদের সাথেও ভার্চুয়ালি মতবিনিময় করেন এবং অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিভিন্ন নির্দেশ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সেবা জ্যোতি কলস যাত্রার উদ্দেশ্য হলো সেবামূলক কাজের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া। তিনি এই কর্মসূচিতে কলেজ স্তরের ছাত্র যুবাদের বেশি করে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি জানান, ৭ অক্টোবর সকাল ১১টার আগেই সেবা জ্যোতি কলস যাত্রা কর্মসূচি সম্পন্ন হওয়ার পর সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। তিনি সেবা সংকল্প যাত্রাকে সফল করতে সকলের সহযোগিতার আহ্বান জানান।
সভায় বিধায়ক অভিষেক দেবরায় যুবাদের বেশি করে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে ও অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য সেবা জ্যোতি কলস যাত্রার কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে সে ব্যাপারে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবহিত করেন। সচিব জানান, এই কর্মসূচিতে থাকবে সেবা জ্যোতি নিয়ে শোভাযাত্রা সহ সাইকেল ও বাইকর্যালি।
আরও পড়ুন...