খেলাধুলার প্রতি উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি ক্রীড়ামন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৮, : খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব এবং নিজের পরিবারের মুখ উজ্জ্বল করা সম্ভব। মাঠে খেলোয়াড়ের সংখ্যা যত বৃদ্ধি পাবে সমাজ তত সুন্দর হবে। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ৭ সেপ্টেম্বর পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। পানিসাগরস্থিত আঞ্চলিক শারীর শিক্ষন কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পোর্টস স্কুলের অতিরিক্ত ক্লাসরুমেরও দ্বারোদঘাটন করেন।
পানিসাগরের আরসিপিই কমপ্লেক্সে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বছর বয়সী ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা ও স্পোর্টস স্কুল থেকে ২৬০ জন খেলোয়াড় অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয়স্তরে সোনা জিতলে ১ লক্ষ টাকা, রূপোর পদক পেলে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকের জন্য ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। উন্নত প্রশিক্ষণের জন্য কোনও খেলোয়াড়কে বহির্রাজ্যে কিংবা বিদেশে যেতে হলে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। রাজ্য সরকার ক্রীড়াবিদদের এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলেই রাজ্যের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক সাফল্য আসছে। প্রসঙ্গক্রমে ক্রীড়ামন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে। ক্রীড়াক্ষেত্রেও আমরা এগিয়ে যাবো। ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান
অনুষ্ঠানে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ক্রীড়া দক্ষতা আরও বাড়বে, যা আগামীদিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাদের সাফল্যের ভিত তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং।
আরও পড়ুন...