রাজ্যপালের সঙ্গে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৮, : লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে ৭ সেপ্টেম্বর সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সদস্য সচিব এবং কমিশনের অন্যান্য সদস্য সদস্যাগণ।
সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল-ভিত্তিক অভিযোগ গ্রহণ কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। এর মাধ্যমে যাতে অভিযোগগুলির সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করা যায় এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন নিষ্পত্তিতে কোনও ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদল রাজ্যে শিশুদের সুরক্ষা ও কল্যাণ এবং জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন) আইন বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় রাজ্যপালকে অবহিত করেন। পাশাপাশি, শিশুদের অধিকার সুরক্ষা, তাদের কল্যাণ, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কেও অবহিত করেন।
শিশুদের অধিকার প্রচার ও সুরক্ষায় ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর প্রচেষ্টার প্রশংসা করে রাজ্যপাল বলেন, ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকালে রাজ্যপালের যুগ্ম সচিব জয়ন্ত ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...