ভিলেজ ভোট : অনিশ্চিয়তায় রইলো জোটের ভবিষ্যৎ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ২৫ , : আগে চুক্তি,পরে জোট-অত্যন্ত পরিস্কারভাবে মথা সুপ্রীমো প্রদ্যোৎ কিশোর দিল্লী থেকে রাজ্যে এসে বলে দিয়েছেন।এরপরে দলের মন্ত্রী,বিধায়ক,এমডিসি সহ দলের নেতৃত্বদের নিয়ে ১৭ আগস্ট বৈঠকের পরেও পরিস্কার করে জানিয়ে দিয়েছেন- জনজাতিদের অধিকার,ত্রিপাক্ষিক চুক্তি সম্পন্ন হলে পরেই আসন্ন ভিলেজ ভোটে বিজেপির সাথে জোট হবে।
ভোট যেহেতু ঘোষণা হয়নি- ফলে এখনই জোটের বিষয় নিয়ে চূড়ান্ত বা শেষ কথা বলে কিছু ধরা যায়না।কেননা- রাজনীতি এখন নীতি বা আদর্শে চলেনা।এখনকার রাজনীতি চলে প্রয়োজন ভিত্তিক কৌশলগত পরিস্হিতির উপর ভর করে।কাজেই চূড়ান্ত বলে এখনই কিছু ফাইনাল ধরে নেওয়াটা বোকামী।১৭ তারিখ মথার শীর্ষ স্তরের বৈঠকের পরেই গত ১৮ আগস্ট আগরতলায় এবার বসে বিজেপির মন্ত্রী ও দলের উচ্চ পর্যায়ের একটি বৈঠক।বৈঠকে দলীয় রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও দলীয় প্রভারী ডাঃ রাজদীপ রায় উপস্হিত ছিলেন।সরকারের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে চলেছে কিনা এবং আসন্ন ভিলেজ ভোট এবং পুরসভার ভোটের বিষয় নিয়ে আলোচনার কথা জানা গেছে।এছাড়া জোট শরীক মথা দলের সাথে ভিলেজ ভোটে জোট নিয়েও বিশেষ আলোচনা হয়েছে বৈঠকে। কিন্তু ফাইনাল বা কোন চূড়ান্ত ফয়সালা হয়নি।মথার সাথে ভিলেজ ভোটে জোটের বিষয়টি রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপির কোর্টে বল ঠেলে রেখেছেন।
সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিলেজ ভোট করতেই হয়,তাহলে সরকার এবং বিজেপি দলের হাতে মোটেও সময় নেই।এদিকে আগস্ট মাস শেষের পথে।
যদি ভিলেজে মথার সাথে জোট না হয়-তাহলে অবশ্যই ব্যাকফুটে থাকতে হবে রাজ্য বিজেপিকে।এই সুযোগটাকেই চাপের রাজনীতিতে কাজে লাগাতে চাইছে মথা সুপ্রীমো। সাম্প্রতিক এডিসি ভোটে একলা চলো নীতি নিয়ে চলতে গিয়ে ভোট ফলাফলে রাজ্য বিজেপি ইতিমধ্যে একপ্রস্থ লেজেগোবরে অবস্হা হয়েছে।এরপরে আবার আসন্ন ভিলেজে জোট না হলে- পুরসভা ভোটের আগে বিজেপিকে আরো একটা অস্বস্তিকর অবস্হার মধ্যে পড়তে হবে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের মত।এই অবস্হায় ত্রিপুরা বিজেপিকে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে যতদিন না কোন ইতিবাচক ঘোষণা হচ্ছে মথা দলের পক্ষ থেকে।
এই মুহূর্তে রাজ্য মথা দল চেয়ে আছে দিল্লী সরকার বা দিল্লী বিজেপি দলের সিদ্ধান্তের দিকে।শোনা গেছে ২০ আগস্ট নাকি মথার সাথে দিল্লীতে একটি বৈঠক হবার কথা রয়েছে।
এরপরেই হয়তো ফাইনাল একটা সিদ্ধান্ত মথা বা বিজেপি উভয় দলের তরফ থেকেই বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে এই মুহূর্তে সবচেয়ে বেশী অনিশ্চয়তার মধ্য দিয়ে যে রাজ্য বিজেপিকে যেতে হচ্ছে- এতে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন...