রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১৯, : রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ১৮ জুলাই আর. কে. নগরস্থিত এ. চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে ৯২তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। আজ মোট ৪৭০ জন পুরুষ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ একজন পুলিশকর্মীর উপস্থিতিই বিপদগ্রস্ত ও অসহায় মানুষের কাছে প্রথম ভরসার প্রতীক হয়ে ওঠে। তাই আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে। মুখ্যমন্ত্রী নবনিযুক্ত কনস্টেবলদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রশিক্ষণ চলাকালীন অর্জিত জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও অভিজ্ঞতা ভবিষ্যতে দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী এই প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত সকল প্রশিক্ষক এবং সংশ্লিষ্টদেরও ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সাইবার অপরাধ প্রতিরোধ ও দমনে রাজ্য সরকার ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় নজরদারির ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রবর্তিত ফৌজদারি আইনসমূহ সম্পর্কে ত্রিপুরা পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপশি নতুন প্রবর্তিত ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এ ধরনের প্রদর্শনীর আয়োজনে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নব নিযুক্ত কনস্টেবলদের শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপরই নয়, বরং একটি দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শারীরিক অনুশীলনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা ইত্যাদি বিষয়েও তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নব নিযুক্ত কনস্টেবলদের শপথবাক্য পাঠ করান আর. কে. নগরস্থিত এ. চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট দিলীপ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মুখ্য সচিব জে. কে. সিনহা, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কনস্টেবলগণ কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.