কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২, : কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চাষাবাদের সুবিধার্থে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে কৃষকদের প্রশিক্ষনের ব্যবস্থাও করা হচ্ছে। ১ জুন বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের পাশে ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ-কাম-ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে এ কথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষিযন্ত্র সরবরাহের ফলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মাটির উর্বরতা বজায় রাখা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অর্গানিক চাষাবাদের পাশাপাশি প্রাকৃতিক চাষাবাদের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশব্যাপী শুরু হওয়া ‘ক্ষেত বাঁচাও অভিযান'-এর অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত ২৫ শতাংশ জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানান তিনি। কৃষিজমি খালি না রেখে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য আহ্বান রাখেন তিনি। এছাড়াও তিনি খাদ্যশস্য ও কৃষিজাত দ্রব্যের উৎপাদনে ভারতের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার প্রমুখ। তাঁরা কৃষকদের সরকারি প্রকল্পগুলির সুবিধা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জয়দীপ সরকার, রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মিঠু দত্ত সরকার, রাজনগর পঞ্চায়েতের প্রধান বেবি দাস,সমাজসেবী দীপায়ন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া এবং সভাপতিত্ব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ।
এছাড়াও আজ কৃষিমন্ত্রী বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ-অধিকর্তার কার্যালয় এবং বিসি নগরে ৩ কোটি ১১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত আরও একটি এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ-কাম- ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন।
আরও পড়ুন...