মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত : পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৩, : ২রা মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে এবং ৫টি পদে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হবে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্তও গৃহীত হয়। ২রা মে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টোরেট অব ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টসে ৫০টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট (গ্রুপ-সি) পদে নিয়োগ করা হবে। টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, সাধারণ প্রশাসন (প্রিন্টিং এবং স্টেশনারি) দপ্তরে ৪৩টি বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ এবং আইটিআই কোর্স করা থাকতে হবে। জেআরবিটি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাছাড়া নির্বাচন দপ্তরে এলডিসি (গ্রুপ-সি) পদে ৬ জন এবং গ্রুপ-ডি পদে ৪ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াও জেআরবিটি-র মাধ্যমে সম্পন্ন হবে। তাছাড়া ৫ জনকে এলডিসি (গ্রুপ-সি) পদে পদোন্নতি দেওয়া হবে। স্বরাষ্ট্র (কারা) দপ্তরের জন্য অ্যালোপ্যাথি বিভাগে ৪ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে চিফ মিনিস্টার্স অ্যাসিস্টেন্স টু আনমেরিড অ্যান্ড ডিপেন্ডেন্ট ডটার / সন নামে নতুন এক স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের মন্ত্রিসভায় এই স্কিম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে প্যারা মিলিটারিতে নিযুক্ত রাজ্যের যেসকল সৈনিক দেশ সেবায় শহীদ হয়েছেন তাদের ১৮ বছরের উর্ধ্বে অবিবাহিত এবং নির্ভরশীল একজন কন্যা বা পুত্র সন্তানকে মাসিক ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে পরিবারের একাধিক সন্তান থাকলেও কেবলমাত্র যেকোনও ১ জনকেই এই ভাতা দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হয়েছেন রাজ্যের এমন সৈনিকদের বর্তমানে জীবিত ১২ জন স্ত্রীকে ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আজকের মন্ত্রিসভায় এই ভাতার পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
আরও পড়ুন...