গৌতম বুদ্ধের শিক্ষা এখনও মানবজাতিকে আশার বাণী শোনায় : রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ২, : বিশ্বব্যাপী ক্রমবর্দ্ধমান সংঘর্ষ, অসহিষ্ণুতা ও অশান্তির পরিবেশের মধ্যে গৌতম বুদ্ধের শিক্ষা এখনও মানবজাতিকে আশার বাণী শোনায় এবং সঠিক পথ প্রদর্শণ করে। ১লা মে বিকেলে আগরতলার বেনুবন বিহারে ২৫৭০ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বুদ্ধ পূর্ণিমার মত উৎসব সকলের জন্য হিতকর সমাজ গঠনে আমাদের অঙ্গীকারকে মজবুত করে। গৌতম বুদ্ধের জীবন ও বাণী আমাদের প্রেরণা দেয় এমন একটা সমাজ গড়তে যেখানে ধর্ম, জাতি ও শ্রেণীর ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই সম্মানের সাথে নিরাপদে বসবাস করতে পারবে। ভগবান বুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মানুষের মধ্যে ঘৃণার পরিবর্তে ভালবাসা, নিষ্ঠুরতার পরিবর্তে দয়া ও হিংসার পরিবর্তে শান্তির স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বুদ্ধের সহনশীলতার বার্তা দিয়ে বলেন, ঘৃণাকে জয় করতে হলে ঘৃণা দিয়ে নয়, ভালবাসা দিয়ে জয় করতে হবে। ধর্মের অনুগামী হয়ে অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে রাজ্যের সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক সম্প্রীতির পরিবেশে বিশেষ যোগদানের জন্য ত্রিপুরার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রশংসা করেন। অনুষ্ঠানে রাজ্যপাল চিন্তনে, কথায় ও কাজে অহিংসার নীতি অনুশীলন করা ও সকল প্রাণীর প্রতি দয়াশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মাও বক্তব্য রাখেন। তিনি তার ভাষণে সবাইকে তাদের দৈনন্দিন জীবনে বুদ্ধের শিক্ষা অনুসরণ করার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেভ. চন্দ্রবংশ মহাথেরো ও বেনুবন বিহারের অধ্যক্ষ ডা. ক্ষেমাচারা ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডা. গৌতম চাকমা। অনুষ্ঠান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং প্রদ্যুৎ মানিক্য দেববর্মা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্মাননা প্রদান করেন এবং বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন...