পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : বিশেষ সচিব
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ৭, : রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ৬ এপ্রিল খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন সাংবাদিকদের এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে প্রত্যহ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও মুখ্যসচিব জে. কে. সিনহা প্রতিদিন মনিটরিং করছেন। এছাড়া রাজ্যস্তরে ও জেলাস্তরেও মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, এল.পি.জি. বুকিং শহরাঞ্চলে ১৫ থেকে ২৫ দিনের মধ্যে এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের মধ্যে করা হচ্ছে। এই বিষয়ে কোনও সমস্যা থাকলে খাদ্য দপ্তর ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলবে। তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যের বিষয়েও দপ্তর নিয়মিত নজর রাখছে। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য যাতে না বাড়ে সে বিষয়ে দপ্তর পর্যালোচনা করছে। তিনি বলেন, পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে কোনও অভিযোগ বা সমস্যা থাকলে ভোক্তাগণ খাদ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন। এজন্য রাজ্যস্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের নম্বর হলো ১০৯৫ / ১০৭৭৷ হোয়াটসঅ্যাপ নম্বর হলো 6033374548 এছাড়া রয়েছে cmhelpline.tripura.gov.in। এই ওয়েবসাইটটিও ভোক্তাগণ ব্যবহার করতে পারেন। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব বলেন, কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দপ্তর অত্যাবশ্যকীয় পণ্য আইনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...