কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সরকার উদ্যোগ নিয়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ২৩, : কৃষকরা হচ্ছেন অন্নদাতা। ভারতবর্ষের মানুষের সাথে কৃষি ও কৃষকদের এক আত্মিক সম্পর্ক রয়েছে। তাই সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও কৃষকদের আয় দ্বিগুণ করার প্রয়াস নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র সরকার। ২১ ফেব্রুয়ারি বিশালগড় নিউমার্কেটে কৃষি পণ্যের বাজারজাতকরণ ও বিপনণের উদ্দেশ্যে নবনির্মিত এগ্রি প্রডিউসিং মার্কেট লিমিটেডের দ্বিতল ভবনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, এই এগ্রি প্রডিউসিং মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১২ লক্ষ টাকা। নবনির্মিত এই দ্বিতল ভবনটি কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও বিপনণে সহায়ক ভূমিকা নেবে। কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সরকার উদ্যোগ নিয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট বিষয়ে পরিকাঠামো নির্মাণেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই লক্ষ্যেই সারা রাজ্যে এ ধরণের বিপনণ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুবিধা পাচ্ছেন।
অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের সার্বিক বিকাশে উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথেই রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে এখন পর্যন্ত ৩৩টি কৃষক বন্ধু কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সরকারের লক্ষ্য কৃষি ক্ষেত্রে ত্রিপুরাকে স্বনির্ভর করে তোলা। এই লক্ষ্যে রাজ্যের কৃষকদের কাছে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত পিএম কিষাণ-যোজনায় ২ লক্ষ ৮৫ হাজার ২৩ জন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৯৩ কোটি ৫৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। উন্নত প্রথায় চাষাবাদে উৎসাহিত করতে রাজ্যের ৪৩ হাজার ৯১ জন কৃষককে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতশী দাস, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, কৃষি দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া, বিশালগড় মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক হীমানিশ লস্কর, বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট লিমিটেডের সচিব হরিদাস বণিক প্রমুখ। অনুষ্ঠানে বাইদ্যারদীঘি গ্রাম পঞ্চায়েতের সফল ও আত্মনির্ভর কৃষক আশুতোষ পালকে সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন...