বর্তমান রাজ্য সরকারই রাজ্যের জনজাতিদের সম্মান দিয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ৬, : বর্তমান রাজ্য সরকার জনজাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্য সরকার সময়ের সাথে সামঞ্জস্য রেখে জনজাতিদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। ৫ নভেম্বর বিশ্রামগঞ্জে শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে জনজাতি মহিলাদের মধ্যে রিয়া ও পাছরা বুননের সুতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠান মঞ্চে আজ ২০ জন জনজাতি মহিলার হাতে আনুষ্ঠানিকভাবে সুতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে সবকা সাথ, সবকা বিকাশ কর্মসূচিকে পাথেয় করে রাজ্যবাসীর কল্যাণে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। রাজ্যে এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মহিলা বিভিন্ন স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এদের মধ্যে জনজাতি অংশের মহিলাগণও রয়েছেন। বর্তমান রাজ্য সরকারই রাজ্যের জনজাতিদের সম্মান দিয়েছে। আগরতলা এয়ারপোর্টের নামাকরণ মহারাজা বীরবিক্রমের নামে করা হয়েছে। বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকতর, গন্ডাছড়ার নাম গন্ডাতুইসা, আঠারমুড়া পাহাড়ের নামাকরণ করা হয়েছে হাচুকবেরেম। গড়িয়া পুজা উপলক্ষ্যে এখন দুইদিন সরকারি ছুটি রয়েছে। আগে রাজ্যে ৪টি একলব্য স্কুল ছিল। বর্তমানে ২১টি একলব্য স্কুল রয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় ৯,৩২৫ জনকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অংশের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য আমাদের গর্ব। কৃষ্টি, সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করতে ঐক্য সংহতি বজায় রেখতে মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থার উন্নয়ন সহ সার্বিক বিকাশে কাজ করছে। জনজাতি অংশের মহিলাদের আত্মনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুক্লদাস। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, চড়িলাম ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জাকলু দেববর্মা, সমাজসেবী বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন...