স্মৃতির পাতা থেকে
সমর চক্রবর্তী
October 23, 2026
সেই দিনটির কথা এখনো আমার ভীষণ মনে পড়ে।আজ থেকে বছর চারেক আগের কথা।একদিন শকুন্তলা রোডে স্যন্দন পত্রিকার সম্পাদক তথা মাননীয় সুবল কুমার দে অর্থাৎ সুবলদা'র সাথে দেখা করতে স্যন্দন ভবনে গিয়েছিলাম।দরজা ঠেলে সুবল'দার রুমে ঢোকার পরে দেখলাম রুমে সুবলদা একজনের সাথে কথা বলছেন। আমাকে দেখে সুবলদা বসতে বললেন।ঐ সময়ে যিনি সুবলদার সাথে কথা বলছিলেন- তিনি বিমান ধর।বিমান ধরের লেখালেখির সাথে আমার পরিচয় থাকলেও কখনো উনার সাথে সামনাসামনি ব্যাক্তিগত আমার পরিচয় ছিল না।আমি বিমান ধরের পাশের চেয়ারে বসতেই- তিনি সুবলদাকে উদ্দ্যেশ্য করে বললেন- কে ইনি? চিনলাম না।সুবলদা বললেন- সমর চক্রবর্তী।আমাদের কাগজে লেখালেখি করেন।আগে আইসিএতে চাকরি করতেন।বিমান ধর আমার নাম জানার পরে আমাকে সরাসরি বলল- তোমার লেখা আমি কাগজে দেখি তো।
সে যাই হোক- ইনি যে বিমান ধর- আমি কিন্তু তখনো জানিনা।আমি সুবলদাকে খানিকটা অবাক করে দিয়ে জানতে চাইলাম- দাদা,ইনি,,,,,?
সঙ্গে সঙ্গে বিমান ধর নিজেই উত্তর দিলেন- আমি অধম বিমান ধর।
নামটা শোনামাত্র লজ্জায় আমার মাথা কাটা যায়।আমি বিমান ধরকে তখন বললাম- দাদা আপনার লেখা আমি নিয়মিত শুক্রবারে অথবা শনিবারে স্যন্দন পত্রিকায় এবং মাঝেমধ্যে দৈনিক সংবাদ পত্রিকায়
পড়ি।আপনার নামের সাথেও আমার বেশ পরিচয় আছে। কিন্তু ব্যাক্তিগতভাবে আজকেই প্রথম সরাসরি আপনার সাথে পরিচয় হল।
তিনি একসময় আমাকে বললেন- তোমাকে তুমি বলছি। কিছু মনে করোনি তো? আমি অবাক হয়ে বলি- আপনার মতো জ্ঞানীগুণী শিক্ষক ও বরীষ্ঠ সাংবাদিক এবং প্রবন্ধকারের কাছে "তুমি" শব্দের একটা আলাদা বোধ আছে। আপনি তো তুমিই বলবেন- একথা বললাম।বেশ কিছুটা সময় কথা বলার পরে বিমান দা আমাকে বললেন-তুমি বলেছ,আমার লেখা তুমি পড়।বলতো আমার লেখায় ভুল কি আছে?
মহামুশকিলে পড়া গেল।প্রথম কথা- এমন একজন সিনিয়র কলামিস্ট এর ভুল ধরার ধৃষ্টতা আমার কি করে হয়!সহাস্যে আমার দিকে চেয়ে আছেন।যেন, আমি উনার দীর্ঘদিনের কোন পরিচিত মানুষ! একসময় আমি বললাম- দাদা,আপনার ভুল ধরার ক্ষমতা আমার নেই।তবে আপনার কিছু কিছু লেখা পড়তে পড়তে যত এগিয়ে গিয়েছি- দেখছি আমি শেষ প্রান্তে পৌঁছতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।আমার কেন জানি মনে হয়-আজকালকার পাঠকরা দীর্ঘ লেখা ভালো মানের হলেও পুরোটা পড়ার ধৈর্য্য রাখতে পারবে কিনা- এ নিয়ে আমার একটা কিন্তু সন্দেহ থেকে যায়।
বলে তো ফেললাম,সাহস করে।পরে ভাবলাম- এভাবে না বল্লেই ভালো ছিল।বিমান দা আমার গায়ে হাত দিয়ে বলল-হুম!তুমি সত্যিই আমার লেখা পড়,বুঝলাম।
হ্যাঁ,লেখা বড় হয়ে যায়।একথাটা আমাকে আরো একজন বলেছে।ভালো লাগল।তোমার অকপট স্বীকারোক্তিতে।সে যাই হোক-সেদিন বিমান ধরের মতো একজন প্রাক্তন শিক্ষক,দীর্ঘ জীবনে সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে থাকা একজন অত্যন্ত পোড়খাওয়া সাংবাদিক এবং বিশিষ্ট লেখকের সাথে পরিচয়
হওয়াতে আমি অত্যন্ত গর্ব বোধ করেছিলাম।আসার সময় আমাকে বলেছিল- "আসবে।আরো কথা হবে"।
সে যাই হোক-বছর চারেক আগে দেখা হাসিখুশি সাক্ষাতের পর আবার দেখা হল-বিমানদার দুমড়ে মুচড়ে যাওয়া নিথর শরীরটার সাথে আজ ২৩ অক্টোবর আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।এভাবে পুনরায় এই গুণী মানুষটির সাথে এক হৃদয় বিদারক ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমার আবার সাক্ষাৎ হয়ে যাবে তাই কখনো ভাবতেই পারিনি।
গত ২২ অক্টোবর উদয়পুর যাবার পথে নিজের দৌহিত্রকে সঙ্গে নিয়ে পথ দুর্ঘটনায়
বিমানদাকে চলে যেতে হবে- কখনো ভাবিনি।
আরো কতকিছু পাবার ছিল তার কাছ থেকে।
তা আর হয়ে ওঠেনি।পথ দুর্ঘটনায় বিমান দার মৃত্যুর সাথে সাথে তার নাতি, যার বয়স মাত্র বত্রিশ কি তেত্রিশ বয়সী ছেলেটিও তার দাদুর হাত ধরে অকালে চলে গেল, শুধুমাত্র একটি বাসের অবিমৃষ্যকারী গাড়ি চালনার ফলে।
দেখতে ছোটখাটো, সাদাসিধে মানুষ বিমান ধর।সদা হাস্যময়।জ্ঞান ও গুণের সমন্বয়ে গড়ে ওঠা প্রাজ্ঞ এই মানুষটিকে হারিয়ে আজ ত্রিপুরার সংবাদ ও সাহিত্য জগত অনেকটাই নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ল বলা যায়।
তিনি বলেছিলেন- "পরে আবার এসো, কথা হবে"। কিন্তু কথা আর হলোনা।
,,,,,,,,।
বিমান ধরঃত্রিপুরার সংবাদ ও সাহিত্য জগতকে নিঃস্ব ও রিক্ত করে দিয়ে গেলেন
(The editor of tripurainfo.com warmly invites students and aspiring writers to share their thoughts, ideas, and creativity through articles. Understanding that every great writer starts somewhere, tripurainfo.com is committed to providing a platform where young minds can express themselves without fear of judgment.
This initiative is not about perfection but about encouragement, growth, and giving voice to new perspectives. We believe that by supporting young talents today, we are shaping the storytellers, journalists, and thought leaders of tomorrow.
So, if you have a story to tell or an idea to share, don’t hesitate—send in your articles. Let your words inspire others, and let tripurainfo.com be the stage where your voice is heard!)
আরও পড়ুন...