মহামায়া মা দুর্গা : নারীশক্তির অন্তর্নিহিত প্রকাশ ও বাস্তব প্রতিচ্ছবি

ড. জন্টু দাস

October 18, 2026

ভারতীয় আধ্যাত্মিক দর্শনে মহামায়া মা দুর্গা কেবল কোনো অলৌকিক স্বর্গীয় দেবী নন, তিনি জীবনের অন্তর্নিহিত শক্তি ও চেতনার প্রতীক। তিনি মহামায়া, আদ্যাশক্তি—সৃষ্টি, স্থিতি ও লয়ের চিরন্তন উৎস। শাস্ত্রে দেবীকে আখ্যায়িত করা হয়েছে জগজ্জননী, আদিশক্তি এবং চিদ্রূপিণী নামে। দুর্গার মাহাত্ম্য কেবল মহিষাসুর বধের পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের অন্তর্নিহিত শক্তি, সাহস এবং নৈতিক চেতনার প্রকাশ। নারী যে শক্তির আধার, সমাজে যে তাঁরা সৃষ্টিশীলতা, ধৈর্য ও রক্ষার প্রতীক, সেই বোধই মহামায়ার প্রকৃত উপলব্ধি। শাস্ত্রসমূহ বারবার ঘোষণা করেছে যে দেবী সুদূর আকাশলোকে সীমাবদ্ধ নন, বরং প্রতিটি প্রাণে, বিশেষত নারীর অন্তরে তিনি শক্তিরূপে অবস্থান করছেন।

দেবীমাহাত্ম্যম্ তথা চণ্ডীপাঠে সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে—

“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা,

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।” (চণ্ডী, ৫/১৬)

অর্থাৎ, যিনি সর্বভূতের মধ্যে শক্তিরূপে বিরাজমান, তাঁকে বারংবার প্রণাম। এখানে শক্তি কেবল কোনো অলৌকিক দেবী নন, তিনি প্রতিটি জীবনের ভেতরে, বিশেষত প্রতিটি নারীর অন্তরে সুপ্ত চেতনা। তাই দেবী সর্বভূতের মধ্যে শক্তিরূপে বিরাজমান—এই কথার গুহ্য অর্থ দাঁড়ায় দুর্গা কোনো বাহ্য সত্তা নন, তিনি আমাদের জীবনের প্রতিটি ক্রিয়ায়, প্রতিটি সত্তায় অন্তর্নিহিত মূল চালিকাশক্তি।

ঋগ্বেদ নারীর মহিমাকে সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে স্পষ্ট ঘোষণা করেছে— 'স্ত্রী হি ব্রহ্মা বভূবিথ' (ঋগ্বেদ, ৮.৩৩.১৯), অর্থাৎ নারীই হলেন যজ্ঞের 'ব্রহ্মা' বা প্রধান চালিকাশক্তি। এই ধারা বজায় রেখে বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে, 'অপরা অর্ধেন যজমানা ভবতি'—যা নির্দেশ করে যে নারী ছাড়া কোনো শুভ কর্ম বা যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না। এই আধ্যাত্মিক সত্যটিই প্রমাণ করে যে, নারীর শক্তি ছাড়া সৃষ্টির পূর্ণতা ও জীবনচক্র অসম্ভব। এছাড়া আমাদের ভারতীয় আধ্যাত্ম দর্শনে বিশ্বাস করা হয়, নারীর শক্তি ও সান্নিধ্য ছাড়া পুরুষ অসম্পূর্ণ। নারী ছাড়া সৃষ্টির বিকাশ সম্ভব নয়; এমনকি সনাতন ভাবধারায় শক্তি বা পার্বতী ছাড়া স্বয়ং শিবও সৃষ্টি-কর্মে নিষ্ক্রিয় ও অসম্পূর্ণ। এই দর্শন থেকেই স্পষ্ট যে, নারীই আদ্যাশক্তির অবিচ্ছেদ্য রূপ। এর অর্থ নারীর শক্তি ছাড়া জীবনচক্র অচল। নারীই সেই আদিশক্তি, যিনি সৃষ্টি ও জগতের ধারাবাহিকতার মূল উৎস।

শ্বেতাশ্বতর উপনিষদে পরম ব্রহ্মের অনন্ত ঐশ্বরিক শক্তি সম্পর্কে বলা হয়েছে—

“পরাস্য শক্তির্বিভিধৈব শ্রূযতে, স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ।” (শ্বেতাশ্বতর উপনিষদ, ৬.৮)

অর্থাৎ, পরম সত্তার দিব্য শক্তি নানাভাবে প্রকাশিত হয়—সহজাত জ্ঞান, বল এবং কর্মরূপে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে, ব্রহ্মের এই অপরাজেয় 'পরাশক্তিই' মহাবিশ্বের সমস্ত সৃষ্টির মূল উৎস, যা শাক্ত সনাতন ভাবধারায় জগৎমাতা বা নারীশক্তির আদি রূপ হিসেবে বন্দিত হয়।

এছাড়াও শ্বেতাশ্বতর উপনিষদে পরম ব্রহ্মকে জগতের প্রতিটি রূপের মাঝে প্রত্যক্ষ করে বলা হয়েছে—

“ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উত বা কুমারী।

ত্বং জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বং জাতো ভবসি বিশ্বতোমুখঃ॥” (৪.৩)

ভাবার্থ: হে পরমেশ্বর! তুমিই নারী, তুমিই পুরুষ; তুমিই কুমার এবং তুমিই কুমারী। তুমিই বৃদ্ধ রূপে লাঠিতে ভর দিয়ে পথ চলো, আবার তুমিই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্য দিয়ে নানারূপে জন্মগ্রহণ করো।

উপনিষদের এই অমর বাণীটিই প্রমাণ করে যে, সনাতন দর্শনে শক্তি বা ঈশ্বর কোনো দূরের অলৌকিক সত্তা নন; বরং জগতের প্রতিটি নারীর ও প্রতিটি জীবনের মাঝেই সেই পরম শক্তিরই জীবন্ত প্রকাশ বিদ্যমান। অর্থাৎ শাক্ত ধারায় বলা যায় এখানে শক্তি কোনো অলৌকিক দূরের দেবী নয়, বরং বাস্তব জীবনে নারীর মধ্য দিয়ে প্রকাশিত এক অন্তঃস্থ সম্ভাবনা।

কেন উপনিষদেও ব্রহ্মবিদ্যার সর্বোচ্চ শিক্ষাদাত্রী হিসেবে স্বয়ং এক নারীমূর্তির প্রকাশ ঘটেছে। উপনিষদের বিখ্যাত 'যক্ষ উপাখ্যান'-এ দেখা যায়, দেবরাজ ইন্দ্র যখন পরম সত্যকে চিনতে পারছিলেন না, তখন আকাশমণ্ডলে এক পরমাসুন্দরী নারী রূপে আবির্ভূত হন 'উমা হৈমবতী'। তিনিই দেবতাদের অহংকার দূর করে তাঁদের পরম ব্রহ্মের জ্ঞান দান করেন। উপনিষদের এই আদি কাহিনীটিই প্রমাণ করে যে, সনাতন দর্শনে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান বা 'মহৎ তেজের' দিশারী ও প্রকাশের মাধ্যম হলেন নারীশক্তি।

এই সমস্ত শাস্ত্রীয় বাণী একটাই সত্যকে প্রতিপন্ন করে—দুর্গা বা মহামায়া কোনো অলৌকিক দূরের সত্তা নন, তিনি প্রতিটি নারী হৃদয়ের সুপ্ত শক্তি, সাহস, সৃষ্টিশীলতা ও ন্যায়চেতনা। মহিষাসুর বধও আসলে এক অন্তর্দ্বন্দ্বের প্রতীক। মহিষাসুর কোনো বাহ্যিক দৈত্য নন, বরং মানুষের ভেতরের —অজ্ঞতা, লোভ, ভয়, আসক্তি এবং অশুভ প্রবৃত্তি যখন মানবহৃদয়ে জন্ম নেয়, তখনই মহামায়ার অন্তর্নিহিত শক্তি তাকে দমন করে শুভের দিকে নিয়ে যায়। তাই ভয়, লোভ, অজ্ঞতা, আসক্তি এবং নেতিবাচকতার দমনে শক্তির আবাহন করা হয় অর্থাৎ এই শক্তি আগে থেকেই স্থিত তা কেবল আবাহনের মাধ্যমে জাগ্রত করা হয়। দুর্গার পৌরাণিক রূপে মহিষাসুর বধ জীবনের অন্তর্দ্বন্দ্বের, কলহের, আসুরিক ভাবের বিনাশের এক জ্বলন্ত প্রতীক। দুর্গার হাতে অস্ত্র প্রতীকীভাবে জ্ঞান, ধৈর্য, সাহস, আত্মসংযম এবং ন্যায়চেতনার প্রকাশ ঘটায়। নারী যখন নিজের ভেতরের সুপ্ত শক্তিকে চিনে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, তখনই তিনি বাস্তবে মহিষাসুরমর্দিনীর রূপ ধারণ করেন।

চণ্ডীপাঠে উচ্চারিত আরেকটি গুরুত্বপূর্ণ বাণী—“যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা”—প্রমাণ করে যে নারী শুধু শক্তির প্রতীক নন, মাতৃত্বের মাধ্যমেও তিনি মহামায়ার প্রকৃত প্রতিফলন। একজন মা যখন নতুন প্রাণের জন্ম দেন, তখন তিনি সৃষ্টিশক্তি; যখন পরিবারকে ধারণ করেন, তখন তিনি স্থিতিশক্তি; আবার সমাজে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসেন, তখন তিনি সংহারশক্তি। এই তিনটি রূপেই নারী মহামায়ার জীবন্ত প্রতিচ্ছবি।

কিন্তু প্রশ্ন জাগে—আজকের সমাজে আমরা কি সত্যিই মহামায়াকে আরাধনা করি? যখন দেখি নারীরা সর্বত্র নিগৃহীত, অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত, তখন ঘটা করে দুর্গাপূজা করা কি সত্যিই শক্তির আরাধনা হতে পারে? শুধু আলো, সাজসজ্জা, উৎসবমুখরতা কি দেবীকে সন্তুষ্ট করতে পারে? প্রকৃত আরাধনা হওয়া উচিত চিত্তের ভিতর থেকে, বাইরের আড়ম্বর করে নয়। যেমন চণ্ডীপাঠ-এর "যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা"—যা দেবীকে মাতৃরূপে দেখা হয়েছে—কিন্তু বাস্তবের প্রতিটি ঘরের মা, বোন ও কন্যা যদি অবহেলিত থেকে যায়, তবে সেই আরাধনা কি প্রকৃতপক্ষে শক্তির আবাহন? নাকি তা কেবলই এক আত্মপ্রবঞ্চনা? বাস্তবের নারীদের অসম্মান করে মৃন্ময়ী প্রতিমার পূজা কখনোই চিন্ময়ী মহামায়াকে সন্তুষ্ট করতে পারে না।

শক্তির আরাধনা মানে কেবল প্রতিমার সামনে প্রণাম নয়, বরং প্রতিটি বাস্তব নারীর প্রতি সম্মান, মর্যাদা ও ন্যায়সঙ্গত আচরণ। যতদিন নারীরা সমাজে নিপীড়িত ও বঞ্চিত থাকবেন, ততদিন দুর্গাপূজার আড়ম্বর মহামায়ার প্রকৃত আধ্যাত্মিক জাগরণ ঘটাতে পারবে না। তাই মহামায়ার সন্ধান মানে প্রতিটি নারীর ভেতরের শক্তিকে চিনে নেওয়া, তাকে বিকশিত করা এবং সমাজজীবনে মর্যাদা দেওয়া। যখন এই অন্তরশক্তি ও সামাজিক ন্যায়বোধ জাগ্রত হবে, তখনই শুভের জয় ও অশুভের পরাজয় সত্যিকার অর্থে সম্ভব হবে।

আধুনিক সমাজে মহামায়ার উপলব্ধি কেবল পূজার্চনার পরিধিতে সীমাবদ্ধ নয়। নারী যখন শিক্ষা, কর্মক্ষেত্র, শিল্প ও বিজ্ঞানে নিজের ক্ষমতাকে বিকশিত করছেন, তখন তিনি মহামায়ার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করছেন। দুর্গাপূজার আসল তাৎপর্যও এটাই—শুভের জয় ও অশুভের পরাজয় কেবল পৌরাণিক ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং এটি প্রতিদিনের জীবনে নারীশক্তির আত্মপ্রকাশ ও ন্যায়চেতনার বিজয়।

অতএব মহামায়া মা দুর্গা কোনো দূরের আকাশচুম্বী কল্পনা নন, তিনি প্রত্যেক নারীর হৃদয়ের অন্তর্নিহিত সাহস, শক্তি ও চেতনার প্রতীক। তাঁকে খুঁজে পাওয়া মানে নিজের ভেতরে সুপ্ত শক্তিকে আবিষ্কার করা, বিকশিত করা এবং সমাজে বাস্তবায়িত করা। চণ্ডীপাঠ, সনাতন দর্শন সকলেই একই সত্য ঘোষণা করেছে—শক্তিই জীবন, শক্তিই সৃষ্টি, শক্তিই মহামায়া। সুতরাং প্রতিটি নারীই দুর্গা, প্রতিটি নারীই আদিশক্তির জীবন্ত রূপ, যার জাগরণেই শুভের জয় ও অশুভের বিনাশ নিশ্চিত হয়।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.